আইপিএলে নতুন ইনিংস যুবরাজের, দিল্লিতে সৌরভের সঙ্গে নতুন জুটি
স্পোর্টস ডেক্স
ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং কে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে ১৩ অক্টোবর এ ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোচিংয়ের দায়িত্বে দেখা যাবে ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ককে। দিল্লির প্রধান কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ফলে এবার কোচ হিসেবে আবারও একসঙ্গে কাজ করবেন ভারতের ক্রিকেটের দুই পরিচিত মুখ।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সের জন্য পরিচিত যুবরাজ সিং। ৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ভারতের হয়ে ৩০৪টি ওয়ানডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি । বিশেষ করে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি তাঁকে ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে দিয়েছে। ২০১১ বিশ্বকাপেও ব্যাট ও বল হাতে অসাধারণ অবদান রেখে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন যুবরাজ।
খেলোয়াড়ি জীবন শেষে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন তরুণ ও প্রতিষ্ঠিত ভারতীয় ক্রিকেটারকে পরামর্শ দিয়েছেন তিনি। শুভমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটারদের মেন্টর হিসেবেও কাজ করেছেন যুবরাজ। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন আইপিএলের কোচিং কাঠামোয়।
যুবরাজের এই নিয়োগে বাড়তি আকর্ষণ তৈরি করেছে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তাঁর পুনর্মিলন। খেলোয়াড়ি জীবনে সৌরভের নেতৃত্বে ভারতের হয়ে খেলেছেন যুবরাজ। এবার তাঁদের দেখা যাবে একই দলের কোচিং স্টাফে। দিল্লি ক্যাপিটালসের লক্ষ্য আইপিএলে নিজেদের প্রথম শিরোপা জেতা। সেই লক্ষ্য সামনে রেখে দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করা এবং তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে যুবরাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দাল যুবরাজকে দলে স্বাগত জানিয়ে তাঁর অভিজ্ঞতা, প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার দক্ষতার প্রশংসা করেছেন। ফ্র্যাঞ্চাইজিটির প্রত্যাশা, যুবরাজের অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা আগামী মৌসুমে দলকে এগিয়ে নিতে সহায়তা করবে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৫ সালে দলটি দিল্লি ডেয়ারডেভিলস নামে পরিচিত থাকাকালে তাঁকে ১৬ কোটি রুপিতে দলে নিয়েছিল। সে সময় আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন যুবরাজ। ওই মৌসুমে দিল্লির হয়ে ১৪টি ম্যাচেও খেলেছিলেন তিনি।
দীর্ঘ ১১ বছর পর সেই ফ্র্যাঞ্চাইজিতেই ফিরছেন যুবরাজ, তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়—কোচ হিসেবে। নিজের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক থাকায় এই সুযোগটি বিশেষ। সৌরভের সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার অপেক্ষাতেও রয়েছেন তিনি। সব মিলিয়ে অভিজ্ঞতা, তারুণ্য ও নতুন কোচিং পরিকল্পনার সমন্বয়ে ২০২৭ সালের আইপিএলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা দিল্লি ক্যাপিটালসের। যুবরাজের ব্যাটিং-অভিজ্ঞতা এবং সৌরভের নেতৃত্ব দলটিকে প্রথম শিরোপার লক্ষ্যে কতটা এগিয়ে নিতে পারে, এখন সেটিই দেখার বিষয়।