মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Date: 2026-10-29
news-banner

স্পোর্টস ডেক্স

আজারবাইজানের রাজধানী বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল হাসান। একটি করে গোল করেছেন মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ‘ই’ টায়ারের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন পাভেল হাসান। এরপর ৩৪ মিনিটে শিবাক কুমার মালি তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন পাভেল।

আটজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতি অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের জয়টি টুর্নামেন্টে বাংলাদেশের অষ্টম ম্যাচে চতুর্থ জয়।

গ্রুপ পর্বে ‘জি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করে দলটি। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফেরে দল।

শেষ ৩২-এর ম্যাচে সিশেলসের বিপক্ষে নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ। শেষ ষোলোতে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে দলটি। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় পাভেলরা।

এরপর কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। নকআউট পর্বে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে উঠেছে দলটি।

ফিফার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১৮৯টি দেশের দল অংশ নিচ্ছে। দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা আয়োজন করা হয়। গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে দলগুলোকে ছয়টি পারফরম্যান্স টায়ারে ভাগ করা হয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়নরা মূল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অংশ নিচ্ছে। অন্যদিকে গ্রুপে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলগুলো যথাক্রমে ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ টায়ারে প্রতিদ্বন্দ্বিতা করছে।

গ্রুপে পঞ্চম হওয়ায় বাংলাদেশ খেলছে ‘ই’ টায়ারে। এই টায়ারে চ্যাম্পিয়ন হতে পারলে সামগ্রিক অবস্থানে ১২৯তম দল হিসেবে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।

এই প্রতিযোগিতার বিশেষ নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে কোনো দল হারলেও টুর্নামেন্ট থেকে পুরোপুরি বাদ পড়ে না। একই টায়ারের অন্য পরাজিত দলের বিপক্ষে খেলার সুযোগ থাকে তাদের। ফলে প্রতিটি দল টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ পায়।

মন্টেনেগ্রোর বিপক্ষে বড় জয়ের পর এখন সেমিফাইনালের দিকে তাকিয়ে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ‘ই’ টায়ারে শিরোপা জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে।

advertisement image

Leave Your Comments