জেলের মেয়ের জাতীয় ব্যাডমিন্টন জয়, হারালেন সাবেক চ্যাম্পিয়নকে

Date: 2026-10-30
news-banner

স্পোর্টর্স ডেক্স


বাবা নদীতে মাছ ধরে সংসার চালান। অভাব-অনটনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় পরিবারকে। এমন প্রতিকূলতার মধ্যেও ব্যাডমিন্টন খেলা চালিয়ে গেছেন বাগেরহাটের মোংলার মেয়ে লিকা পোদ্দার। তাঁর সেই অধ্যবসায়ের স্বীকৃতি মিলেছে জাতীয় পর্যায়ে। ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে শিরোপা জিতেছেন তিনি।

পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জেতেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলা লিকা।

তিন গেমের লড়াইয়ে উর্মিকে ২২-২০, ১১-২১ ও ২১-১৮ পয়েন্টে হারান তিনি। ফাইনালের প্রথম গেমে ২২-২০ পয়েন্টে জয় পান লিকা। দ্বিতীয় গেমে ১১-২১ পয়েন্টে হেরে সমতায় ফেরেন উর্মি। ফলে শিরোপার নিষ্পত্তি হয় শেষ গেমে। সেখানে স্নায়ুর চাপ সামলে ২১-১৮ পয়েন্টে জিতে শিরোপা নিশ্চিত করেন লিকা।

শিরোপা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে লিকা বলেন, ‘মা-বাবার কষ্টটা আমি বুঝি। তাই অনেক কষ্ট সহ্য করেও খেলাটা চালিয়ে যাচ্ছি। আমি জিতলে যদি তাঁরা খুশি হন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’

জাতীয় পর্যায়ে সাফল্য ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও ভালো করার লক্ষ্য লিকার। তিনি বলেন, ‘এই শিরোপা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। সামনে আরও পরিশ্রম করতে চাই। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে চাই।’

অন্যদিকে, ২০২২ ও ২০২৩ সালের নারী এককের চ্যাম্পিয়ন উর্মি আক্তার এবারও ফাইনালে উঠেছিলেন। তবে লিকার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাঁর। ম্যাচ শেষে উর্মি বলেন, ‘আমি আমার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লড়েছি।’

advertisement image

Leave Your Comments